নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃ ঢাকা–বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭) এবং বরিশাল নগরের বাসিন্দা মাইক্রোবাস চালক মো. রিপন।
আহত ব্যক্তিরা হলেন—ঢাকার খিলখেত এলাকার মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুর এলাকার নুরুজ্জামান (৪২) এবং বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)। তাঁরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ঢাকা–বরিশাল মহাসড়ক এখনো চার লেনে উন্নীত না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত মহাসড়কটি ফোর লেনে উন্নীত করা না হলে ভবিষ্যতে এ সড়কে আরও বহু প্রাণ ঝরে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
